অ্যাকশন, রোমান্স, ব্ল্যাক কমেডি থেকে শুরু করে ভৌতিক—সব ধরনের গল্পই জায়গা করে নিয়েছে এ মাসের দেখার মতো চলচ্চিত্র তালিকায়। বৈচিত্র্যময় এমনই সেরা পাঁচটি সিনেমা এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি
ভিডিও গেম অবলম্বনে তৈরি সিনেমা অনেক সময়ই ব্যর্থ হয়। তবে ২০২৩ সালের ‘দ্য সুপার মারিও ব্রস’ মুভি ছিল ব্যতিক্রম। এটি সর্বকালের অন্যতম সফল চলচ্চিত্র। তারই সিকুয়াল ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবার মুক্তি পেয়েছে। এখানে খ্রিস প্রট ও চার্লি ডে যথাক্রমে মেরিও ও লুইজি চরিত্রে কণ্ঠ দিয়েছেন। টেইলর জয় রয়েছেন প্রিন্সেস পিচ চরিত্রে। আর জ্যাক ব্ল্যাক দিয়েছেন বাউজারের কণ্ঠ। নতুনভাবে যুক্ত হয়েছেন ব্রি লারসন। সিনেমায় দুই ভাইয়ের এক রহস্যময় জগতে প্রবেশের গল্প তুলে ধরা হয়েছে। অভিযান, বন্ধুত্ব ও মজার মুহূর্তে ভরপুর সিনেমাটি পরিবারের সবার জন্য উপভোগ্য। ১ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি।
দ্য ড্রামা
এটি একটি ভিন্নধর্মী কমেডি সিনেমা। একটি প্রেমিক যুগলের বিয়ের আগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার গল্প এতে দেখানো হয়েছে। একটি স্বীকারোক্তি কীভাবে সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়, সেটিই এই সিনেমার মূল বিষয়। সিনেমাটি দর্শককে অস্বস্তিকরভাবে বাস্তব এক অভিজ্ঞতার মুখোমুখি করে। এটি ৩ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।
ইউ, মি অ্যান্ড টাসকানি
এটি একটি হালকা মেজাজের রোমান্টিক গল্প। জীবনের ব্যর্থতা থেকে পালিয়ে ইতালির গ্রামে গিয়ে নতুন করে জীবন শুরু করার গল্প এতে উঠে এসেছে। ভুল পরিচয়ে শুরু হলেও শেষ পর্যন্ত ভালোবাসাই গল্পের কেন্দ্র হয়ে ওঠে। চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও আবেগঘন মুহূর্ত এই সিনেমাকে আকর্ষণীয় করে তুলেছে। এতে হ্যালে বেইলি অভিনয় করেছেন আন্না চরিত্রে। সিনেমাটি ৯ ও ১০ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।
আউটকাম
এটি একটি ডার্ক কমেডি (হাসির আড়ালে কঠিন বাস্তবতা) সিনেমা। সিনেমার গল্পে খ্যাতির উল্টো দিক তুলে ধরা হয়েছে। একজন তারকা তার একটি ভুল মন্তব্যের কারণে সংকটে পড়ে যান। তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর প্রভাব কেমন হয়, সেটিই দেখানো হয়েছে। সমকালীন সামাজিক যোগাযোগমাধ্যমের বাস্তবতাও এতে প্রতিফলিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জোনাহ হিল। সিনেমাটি ৩ এপ্রিল মুক্তি পেয়েছে।
লি ক্রনিন’স দ্য মাম্মি
এটি ভৌতিক ঘরানার এ সিনেমা। গল্পজুড়ে রহস্য ও আতঙ্কে ভরপুর। একটি পরিবারের নিখোঁজ শিশুকে ঘিরে গল্প এগোয়। কায়রোতে হারিয়ে যাওয়া এক মেয়ে আট বছর পর ফিরে আসে। কিন্তু সে আর আগের মতো নেই। ফিরে আসা সেই শিশুর পরিবর্তন ঘিরেই তৈরি হয় ভয়ংকর পরিস্থিতি। দর্শকের জন্য এটি হতে পারে এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা। সিনেমাটি ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে।
এপ্রিলে সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে নানা স্বাদের আয়োজন। হাসি, ভয়, আবেগ ও উত্তেজনা—সবকিছুই একসঙ্গে উপভোগ করার সুযোগ এনে দিয়েছে এ পাঁচ চলচ্চিত্র।
সূত্র ও ছবি: বিবিসি









