ডোয়াইন জনসনকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার
কিছু নেই। ‘দ্য রক’ নামে পরিচিত এই সাবেক রেসলার এখন হলিউডের শীর্ষ তারকা। হালে সামাজিক
যোগাযোগমাধ্যমে তার শেয়ার করা একটি ভিডিও অনেককে নস্টালজিয়ায় আক্রান্ত করেছে।
গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে
শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, হাওয়াইয়ের একটি দোকানে ঢুকে দেদারসে স্নিকার্স চকোলেট
কিনছেন দ্য রক। একে একে দোকানের সব স্নিকার্স কিনে নেন তিনি। দোকানদার তার কাণ্ড দেখে
অবাক। হতবাক আশপাশের লোকজনও।
তখন ডোয়াইন দোকানীকে জানান, ছোটবেলায় করা
একটি ভুলের মাশুল হিসেবে তিনি চকোলেটগুলো কিনছেন। যখন ছোট ছিলেন, প্রতিদিন ওই দোকান
থেকে চকোলেট চুরি করতেন।
‘ব্ল্যাক অ্যাডাম’ তারকা বলেন, আমি প্রতিদিন
কিং সাইজের একটি স্নিকার্স চুরি করতাম। কারণ আমার কেনার টাকা ছিল না। তখন আমার বয়স
ছিল ১৪ বছর। টানা এক বছর এ কাজ দিয়েই দিন শুরু করেছি আমি। আমি আজকের দিনটির জন্য বছরের
পর বছর অপেক্ষা করেছি।
ভিডিওতে ডোয়াইন বলেন, একজন লোক প্রতিদিনই
এখানে ডিউটি করত, তবে আমাকে তিনি কোনোদিন এজন্য অপমান করেননি। পরে ১৯৮৭ সালে আমরা এখান
থেকে চলে যাই। তবে এতদিন এ ব্যাপারটি আমাকে নরক যন্ত্রণায় ভোগাচ্ছিল।
এ সময় দোকানে আসা ভক্তদের বিলও পরিশোধ করেন
জনসন। পরে সবগুলো স্নিকার ফেরত দিয়ে বলেন, যখন কেউ স্নিকার্স চুরি করতে আসবে, তাকে
এখান থেকে দিয়ে দেবেন, যাতে তার চুরি করতে না হয়।
ডোয়াইন জনসন ভিডিওটি পোস্ট করার পর ভাইরাল
হতে সময় লাগেনি। এ পর্যন্ত প্রায় আড়াই কোটিবার দেখা হয়েছে। এ ছাড়া মন্তব্য ও শেয়ার
হয়েছে কয়েক হাজারবার। লাইকের সংখ্যাও ২০ লাখের কাছাকাছি।










