সময়টা ১৯৮২ সাল। বলিউডে দুর্দান্ত সময় পার করছেন অভিনেতা বিনোদ খান্না। হঠাৎ একটা সিদ্ধান্তে অবাক করে দিলেন সবাইকে। আধ্যাত্মিক গুরু ওশো রজনীশের শিষ্য হয়ে ত্যাগ করলেন সংসার। বড় ছেলে অক্ষয় খান্না তখন পাঁচ বছরের শিশু মাত্র। বুঝতে পারেননি পিতার রহস্যময় সিদ্ধান্ত, ওইটুকু বয়সে কেউ বোঝেও না। অবশ্য পরে সাক্ষাৎকারে মুখ খুলেছেন সে ব্যাপারে। পনেরো বছর বয়সে অক্ষয় প্রথম বুঝতে পারেন পিতার সন্ন্যাস গ্রহণের তাৎপর্য। বোঝেন সন্ন্যাস হলো দুনিয়ার সকল মায়া ত্যাগ করার নাম। পরিবার সেই দুনিয়ার একটা অংশ মাত্র।

অক্ষয় বলেছেন, ‘জীবনে সবকিছু থাকার পরও যখন একটা শূন্যতা বাসা বাঁধে, ভেতরে তখন আলোড়ন ঘটে যায়। বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। আর এজন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতে অনড় থেকেছেন। যে কেউ সিদ্ধান্ত নিয়ে পরে ছেড়ে দেয়। খাপ খাইয়ে নিতে পারে না। বাবা কিন্তু ছেড়ে দেননি, তবে কেউ কেউ মনে করে তিনি গৃহী হয়েছিলেন। যখন যুক্তরাষ্ট্র সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করল, আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকল সংগঠন। সবাইকেই কোনো না কোনো রাস্তা খুঁজে নিতে হচ্ছিল। বাবাও তখন ফিরেছেন বাধ্য হয়ে, না হলে তিনি কখনো ফিরতেন বলে আমি মনে করি না।’ 

১৯৬৮ সালে বলিউডে পা দিয়ে দ্রুত অভিনয়ের মুনশিয়ানা চিনিয়ে দেন বিনোদ খান্না। লাভ করেন ব্যাপক জনপ্রিয়তা। অমিতাভ বচ্চন ও রাজেশ খান্নার সময়েই দাপটের সঙ্গে শাসন করেছেন বিনোদন জগৎ। উপহার দেন গাদ্দার, ইনকার, ইমতিহান, রাজপুত ও চাঁদনির মতো ব্যবসাসফল সিনেমা। তবে সত্তরের দশকেই আধ্যাত্মিক গুরু ওশো রজনীশের সঙ্গে তার পরিচয় ঘটে। যাওয়া-আসা বাড়তে থাকে পুনেতে অবস্থিত ওশোর আশ্রমে। অবশেষে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে ওরেগনের নতুন আশ্রমে চলে যান সবকিছু ছেড়ে। যুক্তরাষ্ট্র সরকার সংগঠনটিকে ১৯৮৬ সালে নিষিদ্ধ করলে অনুসারীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে ভারতে ফিরে আসেন বিনোদ, ফিরে আসেন চলচ্চিত্রে। শুরু করেন রাজনীতিও। পরবর্তী কালে অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর পদ পেয়েছিলেন। ২০১৭ সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি ওশো নিসর্গ আশ্রমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গিয়েছেন।

পিতার কথা বলতে গিয়ে ওশোর প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেন অক্ষয়। তিনি বলেন, ‘সন্ন্যাস সম্পর্কে আমার তেমন জানা নেই। জানি না আমাকে দিয়ে হবে কিনা। তবে আমি ওশোর আলোচনা, জ্ঞান, বাগ্মিতা ও চিন্তার ধরনকে শ্রদ্ধা করি। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

১৯৯৭ সালে হিমালয় পুত্র সিনেমার মধ্য দিয়ে বলিউড জগতে অভিষেক হয় অক্ষয় খান্নার। নামের সঙ্গে যুক্ত হয়েছে বর্ডার, দিল চাহতা হ্যায়, হালচাল, রেস ও ইত্তেফাকের মতো সফল চলচ্চিত্র। দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঝুলিতে তোলা এ অভিনেতাকে বিশেষ চরিত্রে দেখা যাবে নভেম্বরে মুক্তি পাওয়া দৃশ্যম টু সিনেমায়।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

>>কফি উইথ করণের গিফট হ্যাম্পারে কী থাকে

>>বলিউডের স্টাইল ও মনীশ মালহোত্রা

>>সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন বলিউড তারকারা

>>বলিউডের মুখ খোলার নেপথ্যে...