বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। দুই দশকের বেশি সময় ধরে হাস্যরসাত্মক অভিনয় দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ছোট চরিত্র থেকেও কীভাবে দর্শকের মনে দাগ কাটতে হয়, তা তিনি বারবার প্রমাণ করেছেন। পর্দায় তার উপস্থিতি মানেই আলাদা মাত্রা। অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির নির্ভরযোগ্য ও প্রিয় মুখ হিসেবে।

৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় বর্তমানে কারাগারে আছেন এ অভিনেতা। তাকে ঘিরে বলিউডে তৈরি হয়েছে সহমর্মিতার আবহ। একের পর এক তারকা তার পাশে দাঁড়াচ্ছেন। আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন সহকর্মীরা, কেউ কেউ প্রকাশ্যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

অভিনেতা গুরমীত চৌধুরী বলিউড হাঙ্গামাকে বলেন, ‘রাজপাল যাদবের মতো একজন জ্যেষ্ঠ শিল্পীকে এমন অপরাধে কারাগারে দেখাটা হৃদয়বিদারক।’ তার ভাষায়, ‘সাদা-কলারের (উচ্চপদস্থ ও প্রভাবশালী) অপরাধীরা কোটি কোটি রুপি আত্মসাৎ করেও পার পেয়ে যায়, অথচ রাজপাল জির মতো মানুষ জেলে। আমি তাকে আর্থিকভাবে সাহায্য করতে যা পারি, করব।’

রাজপালের দীর্ঘদিনের বন্ধু পদম সিং এনডিটিভিকে বলেন, ‘তিনি অত্যন্ত সৎ উদ্দেশ্যের মানুষ। সময় দিলে সবার প্রতিটি অর্থ শোধ করার ক্ষমতা তার আছে।’ বিতর্কিত ছবি ‘আতা পাতা লাপাতা’ প্রসঙ্গে তিনি জানান, ছবিটি আন্তরিকতা দিয়ে নির্মাণ করা হলেও বক্স অফিসে ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, এ ছবির জন্য নেয়া ৫ কোটি টাকার ঋণ সুদসহ বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছায়, যা পরিশোধ করতে গিয়েই সংকটে পড়েন অভিনেতা রাজপাল যাদব।

আদালতে আত্মসমর্পণের আগে রাজপালের আবেগঘন মন্তব্যও আলোড়ন তোলে। তিনি বলেন, ‘আমার কাছে টাকা নেই। এ সংকট আমাকে একাই সামলাতে হবে।’ এ কথার পর থেকেই সমর্থনের ঢেউ ওঠে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে।

রাজপালের ম্যানেজার গোল্ডি জৈন জানান, সালমান খান, অজয় দেবগন, ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ানসহ অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। বিপদের দিনে সহকর্মীদের এমন সংহতি বলিউডে নতুন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস