নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত মূকনাট্য ম্যাকবেথ। এর একটি নতুন প্রদর্শনী হবে আগামীকাল। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শক উপভোগ করতে পারবেন নাটকটি। উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনী পুনর্বিন্যাস ও ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয়রীতিতে নির্মিত ম্যাকবেথের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। সারা বিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানা ধারার সৃষ্টিশীল নির্মাণ হলেও ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ম্যাকবেথই প্রথম।

দর্শক এক ভিন্ন শিল্পভাষায় বিশ্বখ্যাত ট্র্যাজেডির স্বাদ উপভোগ করবেন এ মূকনাট্যে।

ম্যাকবেথের অভিনয়শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী, কারিমা, তুষার, রোদশী প্রমুখ।

ম্যাকবেথ প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাকসামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীতআবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল। এদিন ম্যাকবেথের ২০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।