অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ক্যানসারজনিত জটিলতায় তিনি লন্ডনে অবস্থান করছেন মেয়ে ও জামাতা আরিফুল ইসলামের বাসায়।

আরিফুল ইসলাম জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। তিনি বলেন, ‘সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি হিসেবে দেয়া হচ্ছে। ছয় সপ্তাহ শেষে চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি জানা যাবে।’

তিনি আরো জানান, সার্জারির পর থেকে কথা বলা কমিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। প্রয়োজন হলে অল্প কিছু বলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধৈর্য ধরে চিকিৎসা চলছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়। তিনি বলেন, ‘বাবা চিকিৎসাধীন আছেন। কেউ গুজবে কান দেবেন না, সবাই তার সুস্থতার জন্য দোয়া করুন।’

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত ও সাধারণ মানুষ দেশ-বিদেশে তার জন্য দোয়া করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি সমাজসেবক ও সবার অনুপ্রেরণা। তার দ্রুত সুস্থতা কামনা করছি’।

অভিনেতা সোহেল রানা বলেন, ‘ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রের আপন মানুষ। তার অসুস্থতার খবর শুনে মন খারাপ হয়েছে।’

নায়ক নাঈম বলেন, ‘ছোটবেলায় তার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। তিনি সহজ-সরল ও নীতিবান মানুষ। আশা করছি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।’

নায়ক আমিন খান বলেন, ‘তিনি আমাদের চলচ্চিত্রের অভিভাবক। তার অসুস্থতার খবর কষ্ট দিয়েছে। প্রিয় মানুষটির সুস্থতা কামনা করছি।’

অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘আমরা একসঙ্গে আজীবন সম্মাননা পেয়েছিলাম। তার অসুস্থতার খবর শুনে খারাপ লাগছে। দ্রুত আরোগ্য কামনা করছি।’

দীর্ঘ অভিনয়জীবনে ইলিয়াস কাঞ্চন শতাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ‘বেদের মেয়ে জোসনা’, ‘ভেজা চোখ’সহ বহু ব্যবসাসফল চলচ্চিত্রে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।