নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে আবুল কাসেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৩) নামে এক ফার্মেসি ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে র্যাবের দাবি, স্থানীয়দের হামলায় তাদের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, সোনারগাঁর গজারিয়াপাড়া এলাকার একটি মাঠ থেকে শুক্রবার রোজিনা ইসলাম নামে এক নারী গার্মেন্ট কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার মূল সন্দেহভাজন আসামি পোশাক কর্মী সেলিমকে আটক করতে ওইদিন রাতেই অভিযান পরিচালনা করে র্যাব। আসামিকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় সে চিৎকার-চেঁচামেচি করে লোকজন জড়ো করে। স্থানীয়রা পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালায়। গুলি ছুড়ে আসামি সেলিমকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে র্যাব সদস্যরা আসামি সেলিমকে নিয়ে চলে আসে। সকালে জানা যায়, আবুল কাসেম নামে একজন মারা গেছেন। তবে কার গুলিতে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে স্থানীয়দের হামলায় র্যাবের চার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান র্যাব-১১-এর সিও তানভীর মাহমুদ পাশা।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোশাররফ হোসেন সিজান জানান, রাত ৩টা ১০ মিনিটে মো. দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ওই বৃদ্ধের নাভির ওপর একটি বুলেটের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বৃদ্ধ আবুল কাসেম কীভাবে মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।









