জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল রাত ৯টার দিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা তারেক রহমান বিএনপির নতুন সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে স্বাগত জানান। সেই সঙ্গে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ত্যাগ ও পরিবারের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেন। উচ্চশিক্ষায় সময় দেয়ার কথা বলে গত মে মাসে তিনি ওই পদ ছাড়েন।









