কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাম্পের একটি ব্লক। অগ্নিকাণ্ডে অন্তত কয়েকশ ঘর পুড়ে গেছে।
কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) আতিকুর রহমান জানান, বাতাসের গতি বেশি হওয়ার কারণে আগুন বিভিন্ন ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাণহানি এড়াতে বিভিন্ন ব্লক থেকে রোহিঙ্গা সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে।
ক্যাম্পের বাসিন্দা মো. রফিক জানান, এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, পাশাপাশি খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
এদিকে ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।









