লিভার রোগ চিকিৎসা ও গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের (এএসএলডিবি) ১৯তম বার্ষিক আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন।
আগামী রোববার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের র্যাডিসন ব্লু ভিউতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চমেকের একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় চমেকের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম আদনান, ডা. মুশফিকুর আবরার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মাহমুদ জানান, চলতি বছরের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘হেপাটোলজি চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি’। সম্মেলনে লিভার রোগ ব্যবস্থাপনায় আধুনিক চিকিৎসা পদ্ধতি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরা হবে। সম্মেলনে হেপাটাইটিস বি ও সি, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার ও লিভার প্রতিস্থাপনসহ ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করবেন। এর মধ্যে ভারতের ২জন, পাকিস্তান ও নেপালের একজন করে মোট ৪জন বিদেশী ও ৮জন বাংলাদেশী বিশেষজ্ঞ তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
তিনি আরো জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এএসএলডিবির সভাপতি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দীনসহ অনান্যরা।










