ফিলিপাইন বংশোদ্ভূত
এক তরুণী মালয়েশিয়া প্রবাসী যুবকের হাত ধরে লক্ষ্মীপুরে এসেছেন। আগত ওই তরুণীর নাম
যোয়ান ডিগুসমান লেগুমবাই। জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের নাঈমুর রশিদের
বাড়িতে এসেছেন তিনি।
আজ শুক্রবার (৬ জানুয়ারি)
শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে গতকাল সন্ধ্যায়
নাইমদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এ সময় যোয়ানকে দেখতে শতশত মানুষ ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা
গেছে, গত ৩ জানুয়ারি নাইমের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী। নাইম লক্ষ্মীপুর সদর
উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
পারিবারিক সূত্র
জানায়, নাইমুর রশিদ মালয়েশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাধে
তার সঙ্গে পরিচয় হয় যোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। আর
সেই প্রেমের টানে বাংলাদেশে আসেন ওই তরুণী। এখানে এসে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে
ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা।
ফিলিপাইনের আরনেসতা
লেগুমবাই ও ইমেলদা লেগুমবাই দম্পতির মেয়ে যোয়ান।
নাইমুর রশিদ জানান,
গত ৮ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি
নিয়ে আসেন বাংলাদেশে। বিয়েতে ওই তরুণীর মা-বাবার সম্মতি রয়েছে। ছুটি শেষে আবার তারা
মালয়েশিয়ায় ফিরে যাবেন।
যোয়ান জানান, বাংলাদেশে
এসে তার খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছেন। বাংলাদেশের
খাবার ও সংস্কৃতি তার খুব পছন্দ হয়েছে। তাই বাংলাদেশে স্থায়ী ভাবে বসবাস করার ইচ্ছে
আছে তার।
নাইমের স্বজনরা জানান,
উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। ফিলিপাইনের ওই তরুণী আসার পর থেকে সবার
সঙ্গে মিলেমিশে চলছে। এখানকার খাবার-দাবার তার খুব পছন্দ। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন
মানুষরা। সে ইংরেজিতে কথা বলে, মাঝে মাঝে কিছু কথা বাংলায়ও বলতে পারে।
প্রসঙ্গত, গত ছয়
মাসে প্রেমের টানে পাঁচ ভিনদেশী তরুণী এসেছেন লক্ষ্মীপুরে।









