কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠন হিসেবে পরিচিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য নামধারী পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার  রাতে অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টের বিভিন্ন ব্লক থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাইমুল হক।

আটককৃতরা হলেন ক্যাম্প-১ ইস্টের জি ব্লকের বাসিন্দা মৃত সুলতান মোহাম্মদের ছেলে মো. খালেদ হোসেন (৩৩), ব্লক-ই/১৩-এর বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), ব্লক-জি/১১-এর বাসিন্দা আবুল খায়েরের ছেলে মো. শাকের (৩৫), ব্লক-বি/৩-এর বাসিন্দা নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) ও ব্লক-ডি/৫-এর বাসিন্দা মৃত মো. রশিদের ছেলে মো. ইলিয়াস (২২)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান, আটক এসব দুর্বৃত্ত দীর্ঘদিন  রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।