জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি মানতে সরকারকে আগামী শনিবার পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দল। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।

রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে গতকাল আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান আট দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর চলতি নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল শুক্রবার দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে আট দল। আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের মধ্যে রোববার বেলা ১১টায় বৈঠক হবে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন।

মুজিবুর রহমান বলেন, ‘রোববারের বৈঠকের আগে জনগণের দাবি মেনে নেয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ওই সংবাদ সম্মেলন থেকে।’ ‘ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে’ আট দলের নেতাকর্মীরা আজ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও তিনি জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের আমির আবুল বাসেত, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হাক্কানি, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।