নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কসহ আশপাশের আরো দুটি সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিদ্যালয় থেকে সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে স্মারকলিপি দেন। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানায়, দাপা ইদ্রাকপুর এলাকার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কসহ আশপাশের আরো দুটি সড়কে তিন বছর ধরে ডাইংসহ মিল-কারখানার বিষাক্ত ও কালো পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ময়লা পানিতে সড়কগুলো ডুবে থাকায় এখানকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, জলাবদ্ধতা নিরসনের দাবিতে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্মারকলিপি প্রদান করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।










