বিএনপি অফিসে অভিযানের ঘটনায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে দলটি। বুধবার (১৪ আগস্ট) বিএনপির মামলা ও তথ্য সংগ্রহ কর্মকর্তা পুলিশের সাবেক পরিদর্শক সালাহ উদ্দীন খান রাজধানীর পল্টন থানায় এ মামলার আবেদন করেন।

এর আগে গত ৬ আগস্ট রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেয়া হয়। তাকে অব্যাহতি দেয়ার প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

এদিকে জুলাই মাসের শেষ দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে ডিএমপি সদর দফতরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে এ পুলিশ কর্মকর্তার কোনো সাক্ষাৎ মেলেনি।