জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা হবে। আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব বাড়বে।

শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি ও জামাতের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না- এমন প্রশ্নে 'না' সূচক জবাব দেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর।

বরিশাল বিভাগে তিনদিনের সাংগঠনিক সফর করছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর প্রথমদিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় অংশ নেন তিনি। এ সময় আরো ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরো শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শিগগিরই জেলা কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তারা।