জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধন আবেদনের শেষ দিন দলের সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রয়োজনীয় দলিলপত্রসহ আবেদন জমা দেন দলটির নেতারা।
পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রেখেছে দলটি। এ সময় উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
আবেদন জমা দেয়ার পর সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশন তা গ্রহণ করেছে এবং একটি রিসিভড কপি দিয়েছে।’
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। কিন্তু তার মানে এই নয়, ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। এ সাংবিধানিক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি রয়েছেন, তাদের যেমন পুনর্গঠন করতে হবে, নিয়মনীতিরও পরিবর্তন করতে হবে। এ কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই, জনগণের ভোটাধিকার বুঝিয়ে দিতে চাই। সে প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা এসেছি। আমরা বলে যেতে চাই, ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন।’
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে দলটি গঠিত হয়।










