লক্ষ্মীপুরের রায়পুরে ভবন নির্মাণে মাটি খুঁড়তে গিয়ে ১৬টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলেছে। গতকাল উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারির বাড়িতে অস্ত্রগুলো পাওয়া যায়। পরে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। মনোয়ার হোসেন নামে এক প্রবাসী তার ভবন নির্মাণ করতে গিয়ে অস্ত্রগুলো দেখতে পান। তিনি বলেন, ‘আমার ভবন নির্মাণকাজের মাটি খুঁড়তে গেলে আমরা একটি স্থানে অস্ত্রগুলো দেখতে পাই। এরপর পুলিশকে বিষয়টি অবহিত করি। আমাদের বাড়িতে ও এলাকায় অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় হয়তো কেউ এগুলো এখানে রেখে থাকতে পারে বলে আমাদের ধারণা।’
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘অস্ত্র পাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এগুলো এখানে কীভাবে এসেছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।’









