অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিস দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে গতকাল রাতে এ দুই নেতাকে নোটিস দেয়া হয়। শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তাদের এ নোটিস দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বরকত উল্লা বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। জাতীয় প্রেস ক্লাবে গত ২০ মে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান দুদু।

‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে’—হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেছিলেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে এ প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।’

এছাড়া দুইদিন ধরে সামাজিক যোগোযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর একটি বক্তব্য। এক অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে।