পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। মোহম্মদ ইকবালের সিনেমা ‘গুলশানের চামেলি’তে যুক্ত হয়েছেন তিনি। গত ১ আগস্ট সিনেমাটির মহরত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মধুমিতা। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন তিনি। সম্প্রতি একটি গুঞ্জন ওঠে গুলশানের চামেলি ছেড়েছেন মধুমিতা সরকার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত তার তরফ থেকে জানানো হয়নি। সিনেমা-সংশ্লিষ্টরাও এ কথা জানায়নি। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি মহল ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। তার মতে, সিনেমার মহরতে অংশ নেয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। তবে এ নিয়ে বেশি কথা বলতে নারাজ মধুমিতা। তিনি মনে করেন যারা গুজব ছড়ানোর তারা ছড়িয়ে যাবে। তিনি নিজের কাজ করতে থাকবেন।

এদিকে সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবালও গণমাধ্যমকে জানিয়েছেন মধুমিতাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে। তিনি আরো জানান, ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই সিনেমার কাজ শুরু হবে।

প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’র ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মদ ইকবাল। তবে নানা কারণে এতদিন শুরু হয়নি শুটিং। অবশেষে সিনেমার শুটিং শুরু হচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে আরো অভিনয় করছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগর।