ঝিনাইদহে অসচ্ছল সাংস্কৃতিক কর্মী ও আদিবাসী ছাত্রীদের মাঝে আর্থিক সহযোগিতা এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়। শুরুতে উপজেলা চেয়ারম্যানের কক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল নাট্যকর্মী, বাদ্যশিল্পী, গায়কদের মাঝে প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, নির্বাহী সদস্য বাবুল আক্তার লাল্টু, নাট্য ব্যক্তিত্ব রুবেল পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা পরিষদ চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ও দূরের শিক্ষার্থীদের যাতায়াতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ১০ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।










