নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের নয় বছর পূর্ণ হলো আজ। বিচারের ধীরগতির কারণে এখনো আতঙ্কে দিন কাটছে নিহতদের পরিবারের সদস্যদের। পাশাপাশি বিভিন্ন সময়ে সাহায্য-সহযোগিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বাস দেয়া হলেও বাস্তবে তা না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। সরকারের কাছে তাদের একটাই দাবি, উচ্চ আদালতের রায় যেন দ্রুত কার্যকর করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। সে সময় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
স্বামী হারানোর কথা বলতে গিয়ে গাড়িচালক জাহাঙ্গীরের স্ত্রী নূপুর বলেন, ‘আমরা কিছু চাই না, শুধু চাই রায় যেন দ্রুত কার্যকর হয়। খুনিদের বিচার দেখতে চাই।’
নিহত বাকি ছয়জনের পরিবারের সদস্যদেরও একই দাবি। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকরের ব্যাপারটি বিলম্ব হওয়ায় সংশয় প্রকাশ করেন মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি। তিনি আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।









