নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা একেবারেই সাধারণ ও মৌলিক। সেটি হলো দেশের স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। প্রথমত, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। বাক্‌স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করা। কারণ আমরা দেখেছি যে বিগত স্বৈরশাসক হাসিনা সরকারের আমলে বাক্‌স্বাধীনতার ওপর এক ধরনের খড়গ নেমে এসেছিল। ফেসবুকে কিছু লেখা যেত না। লিখলেই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যেত। সবার মধ্যে একটা ভয়ের সংস্কৃতি ছিল। এ ভয়ের সংস্কৃতি যেন আমাদের মধ্যে আর ফিরে না আসে সেটা নিশ্চিত করা।

অবশ্যই দুর্নীতিটাকে যেভাবে হোক রোধ করতে হবে। আমি বিশ্বাস করি সেবার বিকেন্দ্রীকরণে। আমাদের সবকিছুই রাজধানীকেন্দ্রিক। যার ফলে আমাদের রাজধানীতে সবচেয়ে বেশি চাপ পড়ে। সেবা যেন সব জায়গায় সমান বণ্টন হয়।

প্রায় চার কোটি নতুন ভোটার আসছে। তরুণরা শান্তি চায়, স্থিতিশীলতা চায়, কাজের সুযোগ চায়, বাক্‌স্বাধীনতা চায় এবং সে তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নটা চায়। কোনো রকমের তদবির বাণিজ্য যেন না থাকে।