দেশের অভ্যন্তরীণ আকাশপথে নতুন করে যুক্ত হলো কক্সবাজার-সৈয়দপুর রুট। গতকাল সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল। এর মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চলের জেলা সৈয়দপুরের সঙ্গে কক্সবাজারের দূরত্ব কমাল বাংলাদেশ বিমান।

বাংলাদেশ বিমানের ফ্লাইটে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার এবং প্রতি শনিবার কক্সবাজার থেকে যাওয়া যাবে সৈয়দপুরে। এজন্য যাত্রীদের ভাড়া গুনতে হবে ৫ হাজার ৯০০ টাকা।

এ উপলক্ষে গতকাল দুপুরে কক্সবাজারের পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে ফ্লাইট চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর থেকে পর্যটকরা যেন সহজে কক্সবাজার আসতে পারেন, সেজন্য বিমান যোগাযোগ বাড়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল চালু করা হয়েছে। চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইটের সংখ্যা প্রয়োজনে আরো বাড়ানো হবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ বিমানের ব্যবস্থা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল।

এর আগে সকালে সৈয়দপুরে ফ্লাইট চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।