ঝিনাইদহে ফসলি জমির পাশে গড়ে ওঠা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকালে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার শেখ, ইনছার মালিথা, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম, আলামিন প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর কাস্টসাগরা গ্রামে এলজিইডির সড়কের পাশে অবৈধভাবে ফাইভ স্টার নামের ইটভাটা স্থাপন করা হয়েছে। যে কারণে পাশের জমির ফসল নষ্ট হচ্ছে। দূষণ হচ্ছে পরিবেশ। ইটভাটা মালিক ভাটার পাশের রাস্তাও দখল করে রেখেছেন। গ্রামের শতশত কৃষক ওই রাস্তা দিয়ে মাঠে চাষাবাদ করতে যেতেন।










