কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় দুষ্কৃতিকারীদের হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। অস্ত্রসহ হামলাকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫২ ব্লকের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় ঘটনাস্থালেই ক্যাম্প-১২, ব্লক-জে ৫’র মাদ্রাসার শিক্ষক মো. ইদ্রীস (৩২), ক্যাম্প-৯’র ব্লক-২৯’র ইব্রাহীম হোসেন (২২), ক্যাম্প-১৮’র ব্লক-এইচ-৫২’র আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২) নিহত হন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ক্যাম্প-১৮’র বাসিন্দা মাদ্রাসা শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), ক্যাম্প-২৪’র বাসিন্দা হামিদুল্লাহ (৫৫) ও ক্যাম্প-১৮’র ব্লক- এইচ-৫২’র মাদ্রাসা ছাত্র নুর কায়সারের (১৫)। তবে এখন পর্যন্ত ঠিক কতজন আহত হয়েছে তা জানা যায়নি।

এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনা জানতে পেরে ময়নার ঘোনা পুলিশ ক্যাম্প-১২’র সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করে। একটি দেশীয় লোডেড ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও একটি ছুরিসহ হাতেনাতে এক হামলাকারীকে আটক করে তারা। ক্যাম্পের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়া থানা পুলিশ হামলার ঘটনায় নিহতদের মরদেহের সুরতহাল প্রস্তুত এবং মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন বলেও তিনি জানান।