বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে মাইকেল মিলারের সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপির ফেসবুক পোস্টে বলা হয়, বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৈঠকে ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নানা বিষয় এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে।

এদিকে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার ও অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ড. আবদুর রব ও শফিউল্লাহ।

জামায়াত নেতারা জানান, বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।