খুলনায় কভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য অনলাইনভিত্তিক সেবা-কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন। এ কার্যক্রমের নাম ‘হোম টু হোম অ্যাসিস্ট্যান্ট টু কভিড-১৯ পেশেন্ট থ্রু ডিজিটাল সিস্টেম’।

সংশ্লিষ্টরা জানান, এতে ওয়েবসাইটের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য, প্রয়োজন অনুযায়ী রোগীকে চিকিৎসাসেবা ও হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়া আক্রান্তের পরিবারকে দুই সপ্তাহের খাবারের ব্যবস্থা এবং রোগী মারা গেলে তার দাফন বা সত্কারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ওই কার্যক্রমের সঙ্গে যুক্ত খুলনার ১৫ চিকিৎসক দলের প্রধান খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, চিকিৎসক দলের সদস্যরা মুঠোফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে রোগীদের সার্বিক পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবেন। প্রয়োজন মনে করলে রোগীকে হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স ও ট্রান্সপোর্ট সেবা দেয়া হবে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, আক্রান্ত রোগীর স্বাস্থ্যসেবা, তার পরিবারের খাবারের সহায়তা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।