আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত বুধবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপে ঘোষিত ১২৫ জন প্রার্থীর তালিকায় তার নাম প্রকাশ করেন।
এ নেতা ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিজয়ী হন। ২০০৬ সালেও একই আসনে বিএনপির মনোনয়ন পান। তবে সে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে আসন পুনর্বিন্যাসের ফলে সিরাজগঞ্জ-৬ আসনটি বিলুপ্ত হওয়ায় তিনি ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫২ ভোটের ব্যবধানে পরাজিত হন।
এর আগে তিনি পাবনা-১ আসন থেকে তিনবার নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলেন এবং পানি উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।










