অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। শুনানির পর আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করতে উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী।

মামলার বাকি চার আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। মামলায় র‍্যাবের ২০-২৫ জন সদস্যকে ‘অজ্ঞাত’ হিসেবে আসামি করা হয়েছে।

মামলায় সোহেল রানা অভিযোগ করেছেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয়। পরে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে।

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এ নিয়ে দুটি মালা হলো। এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনাসহ সাতজনের নামে হত্যা মামলা হয়। মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে এ মামলা হয়। নিহতের ‘শুভাকাঙ্ক্ষী’ পরিচয়ে এস এম আমীর হামজা (শাতিল) নামের এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। পরে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আবেদনটি এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন।

হত্যা মামলার বাকি ছয় আসামি হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পুলিশ বাহিনী ও সরকারের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।