বর্ষাকালে কাদায় হাঁটাচলা দায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তারা রাস্তাটিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িকাছিকাটা পশ্চিমপাড়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দড়িকাছিকাটা পশ্চিমপাড়া মাল্লমের মোড় থেকে দড়িকাছিকাটা টোলপ্লাজা পর্যন্ত রাস্তায় জনদুর্ভোগ লাঘবে নতুন করে রাস্তা নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আল-আমিন, আজাহার, আমিরুল, বাচ্চু, রাব্বি, আসমা, তহুরু বেগমসহ আরো অনেকে।