জুলাই আন্দোলনকারীদের ওপর কোনো আক্রমণ হলে পাল্টা আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমাদের গায়ে হাত দেয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অত সুশীলতা করে লাভ নেই। কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। ইনকিলাব মঞ্চ এ সমাবেশ আয়োজন করে।
ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকার বিজয়নগরে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়েছে। হাদির ওপর হামলার প্রতিবাদে গতকাল অনুষ্ঠিত হয় সর্বদলীয় সমাবেশ, যাতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা যোগ দেন।
সমাবেশে মাহফুজ আলম বলেন, ‘৫ আগস্টের পর যখন মুজিববাদীদের, আওয়ামী লীগ ও ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রতিটি বাড়ি চুরমার করে দেয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদের সংবরণ করেছিলাম বলে আজ তারা এই সাহস পাচ্ছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নেব, আমরা আর ক্ষমা করব না।’
ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে জুলাই বিপ্লব ও বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সমাবেশে আজ
রাস্তায় রাস্তায় ‘প্রতিরোধযাত্রা’ করার ঘোষণা দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়, মিডিয়া ও আইন অঙ্গনে যারা মুজিববাদের রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলবে।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ভারত। ওসমান হাদির ওপর যারা আক্রমণ করেছে, তারাসহ বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা চলতে থাকলে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেব।’
মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের সঞ্চালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমিতি রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।










