৬ দফা দাবিতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর দপ্তরের সামনে ‘বাংলাদেশ সচিবালয় বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠনের’ ব্যানারে বিক্ষোভ করেছেন এক দল কর্মচারী। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সিনিয়র সচিবের দপ্তরের সামনে এসে বিক্ষোভ করেন তারা।
এক বিজ্ঞপ্তিতে ৬ দফা দাবি জানান তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠনের সকল সমন্বয়ক ও অন্যান্য সকল কর্মকর্তা/কর্মচারীদের জানানো যাচ্ছে যে, আমাদের নিম্নোক্ত দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত সকলকে প্রতিদিন বেলা আড়াইটায় সচিবালয়স্থ বাদামতলায় সমবেত হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের দাবি-দাওয়ার আন্দোলন সফল করার জন্য অনুরোধ করা হলো।
৬ দফা দাবি—
১. বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সকল প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম ‘উপ-সহকারী সচিব' (৯ম গ্রেড) করতে হবে।
২. বিদ্যমান আইনানুযায়ী ৭ বছরে ফিডার পদধারীদের সহকারী সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে (৮ম গ্রেড)।
৩. ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম 'অতিরিক্ত উপসহকারী সচিব' (১০ম গ্রেড) করতে হবে।
৪. ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পদনাম 'সাচিবিক সহকারী' (গ্রেড ১১) করতে হবে।
৫. বৈষম্যহীন ৯ম পে-স্কেল অতিসত্ত্বর বাস্তবায়ন করতে হবে (সর্বশেষ পে-স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে যা আজ প্রায় ১০ বছর অতিক্রম করছে)।
৬. সচিবালয় ভাতা/রেশন পদ্ধতি চালু করতে হবে (যা বিভিন্ন দপ্তরে/বিভাগে বিদ্যমান আছে)।
উল্লেখ্য, কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রদানে বাধা প্রদানের নিমিত্ত জারিকৃত ১৪৪ ধারা এবং আইসিটি আইন/সাইবার ক্রাইম আইন প্রত্যাহার করতে হবে।










