চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে মো. আকবর (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে বড় উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে দেড় মাসে হাতির আক্রমণে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে।

বড় উঠান ইউনিয়ন পরিষদের মেম্বার নাছির মিয়া জানান, হাতির দলটি স্থানীয় একটি মুদি দোকানে হামলা করে। দলে চারটি হাতি ছিল। ব্যবসাপ্রতিষ্ঠানটির মালপত্র রক্ষা করতে আকবর ঘটনাস্থলে যাচ্ছিলেন। এ সময় হাতির দলটি আকবরের ওপর আক্রমণ করে বলে জানিয়েছেন তিনি। হাতির আক্রমণ ঠেকাতে প্রশাসনের সহযোগিতা চেয়ে গতকাল স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

এর আগে ১১ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুরে হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ ওরফে লুতু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া ২৩ সেপ্টেম্বর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মো. কাশেম ওরফে দুলাল (৬০) ও রেহানা বেগম (৩৮) নামে দুজন হাতির আক্রমণে মারা যান। মূলত দুটি উপজেলার মধ্যবর্তী পাহাড় থেকে হাতির দল চলাচল করে। এ সময় এলাকার মানুষ হাতির আক্রমণের কবলে পড়ে।