খুলনার দিঘলিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ইউসুফ আলী খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন। 

তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কী না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। তার বাড়ি দিঘলিয়া উপজেলা সদরের খেঁজুরবাগান এলাকায়।

উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যায়।  তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হল। এর মধ্যে একজনের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন। তিনিই খুলনায় করোনায় মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি। আর খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে ৩ জন চিকিৎসক, ১ জন নার্স ও ৩ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন। করোনা আক্রান্ত ৩ জন চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। আর করোনা পজিটিভ একজন সুস্থ্য হয়েছেন।