দেশের লাইসেন্সপ্রাপ্ত ফ্রেইট ফরওয়ার্ডারদের জন্য বৈদেশিক অর্থ গ্রহণের ক্ষেত্রে আরো শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে থাকা সহযোগী (কাউন্টারপার্ট) ফ্রেইট ফরওয়ার্ডার ছাড়াও বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন তারা।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত ফ্রেইট ফরওয়ার্ডাররা এখন থেকে বিদেশে অবস্থানকারী সহযোগী ফ্রেইট ফরওয়ার্ডারের পাশাপাশি আমদানিকারক, বাইং হাউস বা অন্য কোনো বিদেশী ব্যবস্থা গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।
এদিন জারি করা এক নির্দেশনায় বলা হয়, লাইসেন্সধারী ফ্রেইট ফরওয়ার্ডারদের পক্ষে বিদেশী আমদানিকারকদের কাছ থেকে আদায়কৃত পরিবহন ব্যয় বিদেশে তাদের সহযোগী ফ্রেইট ফরওয়ার্ডারের মাধ্যমে দেশে আনতে পারবে ব্যাংকগুলো। তবে লেনদেনকে আরো সহজ করতে এবার সেই সুযোগের পরিধি আরো বাড়ানো হয়েছে।










