দেশজুড়ে নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে একগুচ্ছ নালিশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এ নালিশ জানায় এনসিপি। পরে বিকালে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনী প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি।’
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি।
আইমান রাহাত বলেন, ‘হামলাকারীরা প্রকাশ্যে দাবি করছে, প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তব কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘গণভোট নিয়েও বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে। বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।’
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও অনলাইনে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নারী প্রার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ও আইনজীবী হুমায়রা নূর।









