নাটোরের লালপুরে আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জামিলুর রহমান বলেন, ইঞ্জিনের সমস্যা থেকে এ আগুন লাগে। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশীর আওতাধীন রাজশাহীর রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ১৮ নম্বর আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। তাত্ক্ষণিক কর্মচারী ও ট্রেনে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘক্ষণ চলার কারণে ইঞ্জিন উত্তপ্ত হয়ে যাওয়ায় এ আগুন লাগতে পারে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএস) শাহীদুল ইসলাম বলেন, ঈশ্বরদী লোকোশেড থেকে রিলিফ ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মিজানুর রহমান জোয়াদ্দারকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে এক কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।