নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে প্রায় ৭০ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করে র্যাব। গত রোববার রাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন র্যাব-১০ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার গোলাম কিবরিয়া ওরফে কাবের আলীর ছেলে মিজানুর রহমান মধু।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাজধানীর লালবাগ ক্যাম্পের সিপিসি র্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালের বাড়ি থেকে মোস্তফা কামাল ও মিজানুর রহমান মধু নামে দুজনকে আটক করা হয়। এ সময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্টু নামে আরো দুজন ওই বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। ওই বাড়িতে অভিযান চালিয়ে দুজনের কাছ থেকে একটি কার্টন উদ্ধার করা হয়। ওই কার্টনের ভেতর থেকে দুটি কাচের জারে তরল ও চারটি কাচের জারে পাউডার জাতীয় সাপের বিষ উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা।










