নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ২০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত ও সহকারী কমিশনার (ভূমি) আফিফা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া, নগরপাড়া, তালাশকুড় উত্তরপাড়া, দেইলপাড়া, কামশাইরসহ বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নরুল্লাহ জানান, রূপগঞ্জে কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে রাতের আঁধারে তিতাস গ্যাসের মেইন লাইন থেকে গ্যাস সংযোগ নিয়ে র্দীঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জানান, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর যদি কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি রাতের আঁধারে আবার অবৈধ সংযোগ নেয়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










