অর্থনৈতিক দিক থেকে কক্সবাজার একটি অপার সম্ভাবনার জায়গা। আগামী চার-পাঁচ বছরে কক্সবাজারকে ঘিরে যেসব শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তা নিয়ে কক্সবাজারের ব্যবসায়িক মহলকে এখন থেকে চিন্তা করতে হবে। অচিরেই কক্সবাজারে শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম। কক্সবাজারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন। গতকাল সকালে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের সদস্য সাহেদ আলী ও মোহাম্মদ আলমগীর; ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন, কক্সবাজারের (টুয়াক) সভাপতি রেজাউল করিম, মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, আবু সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি সনজিদ দত্ত, পাস্তা ক্লাব পরিচালক অনিক বাপ্পি। উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক এমদাদুল হক, নুরুজ্জামান, আজমল হুদা, সাধারণ সদস্য উদয় শংকর পাল মিঠু, প্রকল্প সমন্বয়কারী অশোক সরকার।









