বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ আগস্ট) রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পর ছিটকে পড়ে যাবেন, জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন, তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।
তারেক রহমান বলেন, দেশকে কীভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি তারই অংশ হিসেবে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যদি কারো তাতে আপত্তি বা প্রস্তাবনা থাকে, তাহলে ৩১ দফা থেকে সংস্কার কিংবা সংযোজন করা হবে। বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের।
তিনি বলেন, জনগণের সমর্থনকে যেকোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে, সেভাবেই পরিচালিত হতে হবে।
কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, হাতের পাঁচ আঙুল সমান নয়, মানুষও তো একরকম হয় না। ৫ আগস্টের পর গত চার মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন, বিভ্রান্ত করছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছেন না।










