যুক্তরাষ্ট্রের ওপর ভারতসহ কয়েকটি দেশের অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অত্যন্ত অন্যায্য’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এর জবাবে দেশগুলোর ওপর পালটা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে তার এ ঘোষণা শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।

ভাষণে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের ওপর শুল্ক চাপিয়ে আসছে। এবার আমাদের পালা। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত-মেক্সিকো এবং কানাডা- আপনি কি তাদের সম্পর্কে শুনেছেন? অসংখ্য দেশ আমাদের ওপর আমাদের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করেছে। এটা খুবই অন্যায্য।

ভারতের ওপর শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত আমাদের থেকে ১০০ শতাংশ শুল্ক আদায় করে। তার ঘোষণায় ভারত ছাড়াও থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা ও মেক্সিকোর নাম রয়েছে। তিনি স্পষ্ট জানান, আমরা শুল্ক নীতিতে নমনীয় হব না।

এর আগে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি চীন থেকে আমদানি পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এ শুল্কনীতির জবাবে আমদানি করা মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পথে হাঁটছে তিন দেশই।