আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ব্যয় ও নির্বাচনী ব্যয় কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আয়োজিত এক বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় আরো ৩১ দফা দাবি জানায় দলটি। একই সঙ্গে দলগুলোর সঙ্গে আলোচনা না করেই আরপিও সংশোধন করায় অসন্তোষ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে টাকার প্রভাব বন্ধ করতে হবে। নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন। এ প্রবণতা রোধ না করা গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কালো টাকার খেলা বন্ধ করা না গেলে নির্বাচন কখনই গ্রহণযোগ্য হবে না।’

তিনি আরো বলেন, ‘আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলে আরপিও নিয়ে প্রশ্ন আসবে। আর তখন আবার সংশোধনের প্রয়োজন হতে পারে।’

সংসদ নির্বাচনে জামানাত বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সমালোচনায় সাইফুল হক বলেন, ‘এটা ঠিক হয়নি। নির্বাচনী ব্যয়সীমাও ৫০ লাখ টাকা করা হয়েছে, যা দেশের বাস্তবতার বিপরীত।’