নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনের একজন মারা গেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে তিনি মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা বার্ন ইউনিটের চিকিৎসকরে বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, লিকেজের আগুনে দগ্ধ বিশালের শরীরের ৯০ শতাংশই ঝলসে গিয়েছিল। এছাড়া তার শ্বাসনালী পুড়েই গিয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিউতে রাখা হয়েছিল। আইসিইউতে আজ ভোরে তিনি মারা যান। চিকিৎসাধীন আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে পশ্চিম মাসদাইর হাজী ভিলার নামের একটি ছয়তলা বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা জানালাসহ পাশের ফ্লাটের দরজা জানাল ভেঙে যায়। এতে নারী-শিশুসহ ৬ জন অগ্নিদ্বগ্ধ হন।










