তিন বছরেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার (৯ জুন) থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দরের উপর আরোপিত ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করা হচ্ছে। এর মাধ্যমে ফ্লোর প্রাইস থেকে পুরোপুরি মুক্ত হচ্ছে পুঁজিবাজার।
আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংকের উপর ফ্লোর প্রাইস আরোপ সংক্রান্ত ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা কমিশনের আদেশটি প্রত্যাহার করা হয়েছে। ফ্লোর প্রাইস উঠিয়ে নেয়ার পর এক্ষেত্রে ২০২১ সালের ১৭ জুন কমিশনের জারি করা আদেশ অনুসারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিএসইসি।










