নিজ দেশ মিয়ানমারে ২০১৭ সালে চরম বর্বরতা ও গণহত্যার শিকার হয় রোহিঙ্গা নাগরিকরা। এ গণহত্যার বিচার ও পূর্ণ নাগরিক অধিকার দিয়ে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছেন রোহিঙ্গারা।

গতকাল সকাল সোয়া ১০টা থেকে উখিয়া-টেকনাফের ২০টি ক্যাম্পে পৃথকভাবে এ মানববন্ধন ও সমাবেশ চলেছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতারা, যা চলে সাড়ে ১১টা পর্যন্ত।

‘গো ব্যাক হোম’—প্রতিপাদ্যে চলমান মানববন্ধনে নানা দাবি নিয়ে বক্তব্য রাখেন ক্যাম্প ও ব্লকভিত্তিক কমিউনিটি রোহিঙ্গা নেতারা। এ সময় উপস্থিত রোহিঙ্গাদের একবাক্যের দাবি—‘উই ওয়ান্ট জাস্টিস’।

কথা ছিল সমাবেশ নয়, শখানেক রোহিঙ্গা  মানববন্ধন করতে পারবেন। কিন্তু নিপীড়নের বিচার দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে জড়ো হয়ে যান হাজারো রোহিঙ্গা। এতে মানববন্ধনগুলো সমাবেশে রূপ নেয়। উখিয়ার কুতুপালং, বালুখালী, পালংখালী, থাইংখালীর তাজনিমার খোলাসহ ২০টি ক্যাম্পে এ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হওয়ার পাঁচ বছরপূর্তি উপলক্ষে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।