নির্বাচনী গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এরশাদ উল্লাহর সঙ্গী সরোয়ার হোসেন বাবলা ও আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে সরোয়ার বাবলা মারা গেছেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগলেও তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বেসরকারি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বিকালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় পাঁচলাইশ এলাকার চালিতাতলী বাজারসংলগ্ন হামজারবাগ এলাকায় হামলার শিকার হন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামজারবাগ এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় তার পাশে থাকা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ ও সরোয়ার বাবলাসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৩০ মার্চ ভোরে চকবাজার থানার চন্দনপুরার কাছে গুলি করে হত্যার চেষ্টা করা হলেও সেবার বেঁচে যান সরোয়ার বাবলা। তবে সেদিন বখতেয়ার হোসেন ও আব্দুল্লাহ নামে দুজন নিহত হন। বাবলার নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় কয়েকজন এসে গুলি করেছে। এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেন এ ঘটনা ঘটছে তা জানি না। এরশাদ উল্লাহকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।’
এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।
এদিকে বিএনপির মনোনয়ন ঘিরে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ করেছেন মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা। মাদারীপুর-২ আসনে বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানকে মনোনয়ন দেয়ার দাবিতে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। গতকাল বিকালে শহরের শকুনী লেকের স্বাধীনতা অঙ্গন থেকে ইটেরপুল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।
অন্যদিকে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শিবচরের ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন তারা।
কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। নাঙ্গলকোটে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। রেলপথ অবরোধের ফলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে আটকা পড়ে। বিক্ষোভকারী এসব নেতাকর্মী বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।
চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি। তবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান দলীয় মনোনয়ন না পাওয়া চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন তার কর্মী-সমর্থকরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
জয়পুরহাট-২ আসনে মনোনয়ন পাননি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যা ৭টায় আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তবে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
টাঙ্গাইল-৩ আসনে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীদের একাংশ। উপজেলার কলেজ মোড় চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল-৩ আসনে মনোনয়ন পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তৃণমূলের নেতাকর্মীরা। টাঙ্গাইল-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। গতকাল বিকালে লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা রেললাইনে অবস্থান নিয়ে আধাঘণ্টা বিক্ষোভ করেন।
এ আসনে বাংলাদেশ ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। মূলত এর পর থেকেই প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। মঙ্গলবারও তারা বিক্ষোভ মিছিল করেছেন।









