বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে।

বুধবার (১৪ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।

বুধবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার প্রধান এ মন্তব্য করেন।

অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য প্রধান উপদেষ্টা তাকে এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

এ সময় শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার রক্ষা এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা দেয়া তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি।