নাটোরের সিংড়ায় বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে পিটিয়েছেন মকলেছ আলী নামের এক ইউপি সদস্য। গতকাল সকালে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইটালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদ আলী (৬০) ও বেলায়েত হোসেন (৭০) শালমারা-বাঁশবাড়িয়া মাঠে গরু চরাতে যান। হঠাৎ গরুগুলো ইউপি সদস্য মকলেছ আলীর জমির ধানগাছ খেয়ে নষ্ট করে। খবর পেয়ে ইউপি সদস্য কৃষক বেলায়েত হোসেনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং অন্য কৃষক শাহাদ আলীকে গাছের ডাল দিয়ে মারপিট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের ছেড়ে দেয়া হয়।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তার ধানক্ষেত নষ্ট করায় কয়েকটি গরু বেঁধে রেখেছিলেন। পরে গরুগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে একজন কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কুরবান আলী বলেন, ঘটনাটি জানার পর মকলেছ মেম্বারের মোবাইলফোনে কল দিয়ে অনুরোধ করার পর তাদের ছেড়ে দেয়া হয়।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয় জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।